ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী কাভার ভ্যানে পেছন দিক থেকে পিকআপের সজোরে ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পুলিয়া ফ্লাইওভার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফ্লাইওভারে ওঠার পথে দাঁড়িয়ে থাকা ঢাকা মেট্রো-ট ২০-২১৪০ নম্বরের একটি কাভার ভ্যানকে ঢাকা মেট্রো-ন ১৫-৫৫০৯ নম্বরের একটি পিকআপ পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার ভ্যানের পেছনে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই পিকআপের চালক কবির রায় (৩৬) ও হেলপার জুয়েল মিয়া (১৮) নিহত হন। নিহত চালক কবির রায়ের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার বৈরাগী গোমর গ্রামে। তার পিতার নাম শিশির রায়। অপরদিকে নিহত হেলপার জুয়েল মিয়ার বাড়ি কুড়িগ্রাম জেলার কান্দা জিরাহাট এলাকায়। তার পিতার নাম আবদুল হাকিম।
দুর্ঘটনার পর মরদেহ দুটি গাড়ির ভেতরে আটকে পড়লে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন।
শিবচর হাইওয়ে থানার এসআই সালাম হোসেন বলেন,
“খবর পেয়ে হাইওয়ে পুলিশের টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পুলিয়া ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি কাভার ভ্যানে পেছন দিক থেকে পিকআপ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে দুইজন নিহত হয়েছেন। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয়রা জানান, গভীর রাতে ফ্লাইওভারে ভারী যানবাহন দাঁড়িয়ে থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তারা মহাসড়কে নিরাপত্তা জোরদার এবং অনিরাপদভাবে যানবাহন দাঁড় করানো বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।