নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’

প্রকাশিতঃ জুলাই ২৩, ২০২৬ | ৫:০০ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

নারায়ণগঞ্জ নগরীর হাজীগঞ্জে অবস্থিত দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে আনুমানিক ভোর ৩টার দিকে এই ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব আলম জানান, শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য সম্প্রতি স্মৃতিস্তম্ভটির চারপাশ কাপড়ে মোড়ানো হয়েছিল। দুর্বৃত্তরা দূর থেকে আগুনের দলা ছুড়ে মারলে সেই কাপড়ে আগুন ধরে যায়। তবে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোররাতে দুর্বৃত্তরা আগুন দিলেও তাদের এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে বলে তিনি জানান। তদন্ত শেষে জড়িতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে। দেশের প্রথম এই জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ। সংগঠনটি এই ঘটনাকে জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি অবমাননা হিসেবে বর্ণনা করেছে এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে। ৩৬শে জুলাইয়ের বর্ষপূর্তিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সারাদেশে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে। তারই পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হয়। ১৪ই জুলাই, ২০২৫ সালে নারায়ণগঞ্জ জেলায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় ড. মো: মোখলেস উর রহমান, সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মোঃ নজরুল ইসলাম, বিভাগীয় কমিশনার ঢাকা শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখ্য, চলতি বছরের জুন-জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটেছে। এর আগে নেত্রকোনা ও নোয়াখালীতেও একই ধরনের ঘটনায় দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার পাশাপাশি বিতর্কিত রাজনৈতিক স্লোগান দেয় বলে অভিযোগ ওঠে। ধারাবাহিক এই ঘটনাগুলো দেশজুড়ে উদ্বেগ ও ক্ষোভ তৈরি করেছে। নারায়ণগঞ্জের ঘটনাটি নিয়েও পুলিশ প্রশাসন গুরুত্ব সহকারে তদন্ত করছে বলে জানা গেছে।