চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিতঃ আগস্ট ২৪, ২০২৬ | ১১:১০ অপরাহ্ণ

চাঁদপুরে শহরের জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা। চাঁদপুর বড় স্টেশন মাছ বাজারে পচা ইলিশ বিক্রির অভিযোগে মেসার্স ইসমাইল ট্রেডার্সকে ৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন অনিয়মে আরও দুই প্রতিষ্ঠানসহ মোট তিন প্রতিষ্ঠানকে সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (২৪ আগস্ট) দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজার, ছায়াবানীর মোড় ও স্টেডিয়াম রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে লাইসেন্স নবায়ন না থাকা, ক্যাশ মেমো ব্যবহার না করা এবং পচা ইলিশ মাছ বিক্রির দায়ে মেসার্স ইসমাইল ট্রেডার্সকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাবার সংরক্ষণ ও বিক্রি এবং বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকায় ‘তুবা মার্ট’কে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রির দায়ে ‘ফুড বাইটস’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এসব জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে পরিশোধ করে এবং ভবিষ্যতে এমন অনিয়ম না করার অঙ্গীকার করে। অভিযানে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ও নিরাপদ খাদ্য পরিদর্শক নীনা আক্তার, চাঁদপুর মৎস্য বনিক সমিতি সাধারণ সম্পাদক হাজী শবে বরাত এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানিযেছেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।