মহাত্মা গান্ধীর ৪২৬ কেজি ওজনের ভাস্কর্য চুরি

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ৪, ২০২৬ | ৭:০৬ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

মহাত্মা গান্ধীর ৪২৬ কেজি ওজনের একটি ভাস্কর্য চুরি হয়েছে। সোমবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে মহাত্মা গান্ধীর ভাস্কর্য চুরির ঘটনা ঘটে। খবর দ্য অস্ট্রেলিয়া টুডের। অস্ট্রেলিয়ার মেলবোর্নের রোবিলে ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে থেকে ভাস্কর্যটি চুরি হয়। নয়াদিল্লির ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেসন্স ভাস্কর্যটি উপহার দিয়েছিল। চোররা অ্যাঙ্গেল গ্রিন্ডার ব্যবহার করে পায়ের কাছ থেকে ভাস্কর্যটি কেটে নিয়ে চলে যায়। কারা এটি চুরি করেছে এটি এখনো স্পষ্ট নয়। ইন্ডিয়ান কমিউনিটি চ্যারিটেবল ট্রাস্টের কমিটি মেম্বার সান্তোস কুমার বলেছেন, চুরির ঘটনা আংশিক ভবনের সিসিটিভিতে ধরা পড়েছে এবং পরের দিন এ ব্যাপারে জানানো হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনার তদন্ত করছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের আশা করছি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ভাস্কর্যটি পায়ের কাছ থেকে কাটা। এটির পায়ের তালুগুলো শুধু সেখানে রয়ে গেছে। তাতে ফুলের মালা পড়ে আছে। এ নিয়ে ভারতীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত সেটি উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন।