বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি একমাত্র দল, যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে একটি সুখী, সমৃদ্ধশালী দেশ গঠন করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) পুরান ঢাকার ধুপখোলার মাঠে জনাকীর্ণ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
তারেক রহমান বলেন, অভিভক্ত ঢাকার মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার আসন ঢাকা-৬। এ আসনেই বারবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বারবার রক্তাক্ত হয়েছেন রাজপথে। সেই আসনেই ধানের শীষের কাণ্ডারি তারই পুত্র ইশরাক হোসেন।
তিনি বলেন, পুরান ঢাকার প্রতিটি অলিগলির সমস্যা তার জানা। বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করে তার পুরনো গৌরব ফেরাতে হবে। গত ১৬ বছরে দেশে যে ধরনের দুর্নীতি দেখা গেছে, সেখান থেকে দেশকে বের করে আনা একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব। কারণ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের বাস্তব অভিজ্ঞতা বিএনপির রয়েছে।
বিএনপি চেয়ারম্যান বলেন, বেগম খালেদা জিয়ার সরকারের সময় গঠিত দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল। যেকোন ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির তদন্তে সরকারের অনুমতির প্রয়োজন ছিল না। খালেদা জিয়ার সেই সাহসিকতার কারণেই দুর্নীতি দমন কমিশনকে শতভাগ স্বাধীন রাখা হয়েছিল।
তিনি আরও বলেন, দেশ স্বাধীন হওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল, তা মুক্তিযোদ্ধারাই সবচেয়ে ভালো জানেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটে। একইভাবে বেগম খালেদা জিয়ার শাসনামলে চাঁদাবাজি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে আসে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়। সে সময় নারী ও ব্যবসায়ীরা নিরাপদে চলাচল ও ব্যবসা-বাণিজ্য করতে পারতেন। দুর্নীতি থেকে দেশকে বের করে আনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান এবং নারীদের শিক্ষার ব্যবস্থা করার অভিজ্ঞতা বিএনপির রয়েছে। দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে প্রয়োজন সুস্পষ্ট পরিকল্পনা, যা বিএনপির আছে।