প্রধান উপদেষ্টাসহ শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১২, ২০২৬ | ৭:১৩ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশের ২৯৯ আসনে একযোগে ভোটগ্রহণ হবে। এবারের নির্বাচনি প্রচারে যেসব প্রার্থী বা ব্যক্তি আলোচনায় ছিলেন; তারা কে কোথায় ভোট দেবেন-তা নিয়ে অনেকের মধ্যে এক ধরনের কৌতূহল রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সকাল ১০টায় রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনি ঢাকা-১৭ আসনের গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভোট দেবেন রাজধানীর ৬০ ফিটে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বাড্ডার একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে ভোট দেবেন। বিএনপি : দলটির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা দাউদকান্দির গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, মির্জা আব্বাস শাহজাহানপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে, গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, আবদুল মঈন খান নরসিংদীর চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট কেন্দ্রে, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুল কেন্দ্রে, হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ভোলার লালমোহনের আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এবং এজেডএম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা সরকারি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। জামায়াত : দলটির প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে, নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা প্রফেসরপাড়া কেন্দ্রে, অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাওলানা আনম শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শিশুকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সকাল ৮টার দিকে খুলনা জেলার ফুলতলা উপজেলার ৮ নম্বর পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ঢাকার খিলগাঁও গোড়ান এলাকার আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে ভোট দেবেন। জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ভোট দেবেন তার নির্বাচনি এলাকা কক্সবাজারের উত্তর ধুরুং তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এনসিপির : দলটির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়েরহাট কেন্দ্রে ভোট দেবেন। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম পঞ্চগড়ের বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্রে এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী-২ আসনের প্রার্থী সারোয়ার তুষার সকাল সাড়ে ৭টায় নরসিংদীর ঘোড়াশাল পাইলট স্কুলে এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজধানীর নিউমার্কেট এলাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। নোয়াখালী-৬ আসনের প্রার্থী আবদুল হান্নান মাসউদ হাতিয়ার বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চবিদ্যালয় কেন্দ্র এবং ঢাকা-৯ আসনের প্রার্থী জাভেদ রাসিন ৭১ নম্বর ওয়ার্ডের মারকাজুল উলুম মাদ্রাসাকেন্দ্রে ভোট দেবেন। এছাড়াও ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা খিলগাঁওয়ের একটি ভোট কেন্দ্রে ভোট দেবেন।