পাকিস্তানে বিস্ফোরণে ভবন ধস, নিহত বেড়ে ১৬

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২০, ২০২৬ | ৩:৩৫ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

পাকিস্তানের রাজধানী করাচির একটি বাসভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। হতাহতদের মধ্যে শিশু ও নারীরাও আছেন এবং আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টার দিকে করাচির সোলজারবাজার এলাকায় ঘটেছে এ ঘটনা। স্থানীয় প্রত্যক্ষ্যদর্শীদের বরাত দিয়ে সিন্ধ প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের করাচি শাখার প্রধান হাসান খান এএফপিকে বলেন, ‘ভোর চারটার দিকে তিনতলা ভবনটিতে বসবাসকারী লোকজন যখন সেহরির আয়োজন করছিলেন, সে সময়েই ঘটে বিস্ফোরণ। এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে এর ধাক্কায় ভবনটি ধসে পড়েছে।’ তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণ করছি যে সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তবে তদন্ত করা হলে প্রকৃত কারণ জানা যাবে।’ এদিকে সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসার জন্য হাসপাতাল কৃর্তপক্ষকে নির্দেশও দিয়েছেন তিনি। এর আগে গত জুলাই মাসে করাচির উপশহর লিয়ারিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে ধসে পড়েছিল একটি ৫ তলা ভবন। এ ঘটনায় ২৭ জন নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন আরও ১০ জন।