ঈদের আগেই ফ্যামিলি কার্ড পাচ্ছেন তিন গ্রামের লোকজন

প্রকাশিতঃ মার্চ ৪, ২০২৬ | ৮:৪২ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তিনটি গ্রামে পাইলট প্রকল্পের অধীনে ফ্যামিলি কার্ড দিচ্ছে সরকার। ঈদের আগেই এই তিন গ্রামের লোকজন পাচ্ছেন এ ফ্যামিলি কার্ড। তিনটি গ্রাম হলো- উত্তর সুরিয়ারপাড়, হাতিয়া রাধানগর ও আকিলশাহ। এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ দরিদ্র পরিবারের লোকজনের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে জরিপ কাজ সম্পন্ন করা হয়েছে। তিন গ্রামে ৯৬৮টি খানা রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সনজিব সরকার জানান, যথাযথভাবে জরিপ কাজ সম্পন্ন করা হয়েছে এবং সমস্ত তথ্য সংশ্লিষ্ট সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সফটওয়্যারে পাঠানো হয়েছে। ১০ মার্চ এর উদ্বোধন করার কথা রয়েছে। প্রথমপর্যায়ে নিম্নবিত্ত ও অতি নিম্নবিত্তের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং পর্যায়ক্রমে প্রত্যেক খানা পরিবারে প্রদান করা হবে। তবে এই তিন গ্রামে ১১০ জন বিভিন্ন সরকারি ভাতাভোগী রয়েছেন।