মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামাননের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।
হাইকমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ মার্চ) পুত্রজায়ায় অনুষ্ঠিত এ বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ, প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকরণ এবং মানবসম্পদ ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের শ্রমবাজার সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। এ সময় মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কর্মপরিবেশ, অধিকার সুরক্ষা এবং কল্যাণমূলক বিষয়গুলো নিয়ে মতবিনিময় করা হয়।
পাশাপাশি ভবিষ্যতে আরও স্বচ্ছ ও কার্যকর প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশি কর্মী নিয়োগ অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়।
হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী মালয়েশিয়ার উন্নয়ন ও শিল্পখাতে বাংলাদেশি কর্মীদের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশি শ্রমিকরা দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে মালয়েশিয়ার বিভিন্ন খাতে কাজ করে আসছেন এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তিনি আশা প্রকাশ করেন, মালয়েশিয়া সরকার ভবিষ্যতেও বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বজায় রাখবে এবং কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
অন্যদিকে মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামানন বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার শ্রমবাজার সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে বিদেশি কর্মীদের বিশেষ অবদান রয়েছে এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে ও শ্রমবাজারকে আরও সুশৃঙ্খল করতে সরকার কাজ করে যাচ্ছে।
এ সময় দুই দেশের মধ্যে মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং কর্মীদের কল্যাণ নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ হাইকমিশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। দুই দেশের প্রতিনিধিরা ভবিষ্যতে শ্রমবাজার ব্যবস্থাপনা ও প্রবাসী কর্মীদের কল্যাণে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।