দেশের বিভিন্ন অঞ্চলে রোববার থেকে দফায় দফায় বৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মার্চের শেষ দিকে তাপমাত্রা বাড়তে বাড়তে দেশের কিছু অঞ্চলে তাপপ্রবাহও দেখা দিতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে একটি লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এই পরিস্থিতির প্রভাবে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, রোববার সকাল পর্যন্ত সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিধি কিছুটা বাড়তে পারে। এ সময় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
সোমবার থেকে মঙ্গলবার পর্যন্তও একই ধরনের আবহাওয়া থাকতে পারে। এ সময় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্কই থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা এ সময় প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবারও দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে মার্চ মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। ফলে মাসের দ্বিতীয়ার্ধ থেকে গরমের তীব্রতা বাড়তে শুরু করবে।
আবহাওয়া অধিদপ্তরের মতে, মার্চ মাসে দেশে দুই থেকে তিন দিন বজ্রপাত, শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় হতে পারে। একই সঙ্গে মাসের যে কোনো সময়ে এক থেকে দুই দিন তীব্র কালবৈশাখী আঘাত হানার আশঙ্কাও রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, মার্চের দ্বিতীয়ার্ধে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে গরমের তীব্রতা বেশি অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে শুষ্ক আবহাওয়া ও বাড়তে থাকা তাপমাত্রার কারণে অনেক এলাকায় অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে।