চাঁপাইনবাবগঞ্জে ভুমি উন্নয়ন কর প্রশিক্ষণ কর্মসুচীর আয়োজন

প্রকাশিতঃ মার্চ ১০, ২০২৬ | ৪:০৬ পূর্বাহ্ণ
মোঃ ফয়জুল ইসলাম উপজেলা সংবাদদাতা চাঁপাইনবাবগঞ্জ সদর

সম্মানিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাবাসী আসসালামু আলাইকুম। প্রায়শই জমির ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধের বিষয়ে নাগরিকদের বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে হয়। এছাড়া নির্ধারিত পরিমাণের চেয়ে অধিক ভূমি উন্নয়ন কর দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া যায়। অনেকে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য প্রতি বছর ভূমি অফিসে যেতে পারেন না। এর ফলে অসাধু চক্র জাল কাগজপত্র তৈরি করে অন্যজনের জমি নিজের নামে নামজারি করেন। এসকল সমস্যা থেকে পরিত্রাণের জন্য এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা সৃষ্টির লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় নাগরিকদের ঘরে বসে বিকাশ, নগদের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের ব্যবস্থা করেছেন। কিন্তু এসকল সেবা সম্পর্কে অবহিত না থাকায় নাগরিকগণ হয়রানিমুক্ত ভূমি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আপনাদের সুবিধার্থে আগামীকাল ১০ মার্চ রোজ মঙ্গলবার উপজেলার ১৪ টি ইউনিয়ন ভূমি অফিস ও ১ টি পৌর ভূমি অফিসে একযোগে দিনব্যাপী বিশেষ ভূমি মেলার আয়োজন করা হয়েছে। উক্ত মেলায় যে যে সেবা প্রদান করা হবেঃ ১। জমির ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদানের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করে দেয়া। ২। রেজিস্ট্রেশন করার পদ্ধতি হাতে কলমে শিক্ষা দেয়া। ৩। অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ করার পদ্ধতি হাতে কলমে শিখিয়ে দেয়া। ৪। ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায়। ৫। হোল্ডিং বা ভূমি উন্নয়ন কর বিষয়ে যাবতীয় সমস্যা সমাধান। ৬। ভূমি উন্নয়ন কর বিষয়ক তথ্যাদি অবহিতকরণ। রেজিস্ট্রেশনের জন্য যা যা প্রয়োজনঃ ১। সচল সিম সহ একটি মোবাইল ফোন। ২। জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড) ৩। জমির খতিয়ান/ পূর্ববর্তী বছরের ভূমি উন্নয়ন কর পরিশোধের রসিদ। উক্ত মেলায় দলে দলে অংশগ্রহণ করে আপনাদের নিজের মোবাইল ফোন থেকে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য রেজিষ্ট্রেশন করুন। রেজিষ্ট্রেশন করার পদ্ধতি শিখে নিয়ে আপনার প্রতিবেশী, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের রেজিষ্ট্রেশন করে দিন। এরপর থেকে ঘরে বসেই প্রতি বছর বিকাশ/নগদের মাধ্যমে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ করুন। এতে খাজনা পরিশোধের জন্য ভূমি অফিসে গিয়ে বিড়ম্বনার শিকার হতে হবে না। এছাড়াও সরকার নির্ধারিত পরিমাণের চেয়ে অধিক অর্থও কেউ দাবি করতে পারবে না। আগামীকাল স্ব স্ব ইউনিয়ন/পৌর ভূমি অফিসে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমাদের আয়োজন সফল করুন। আপনাদের ব্যাপক অংশগ্রহণ আমাদের ভবিষ্যৎ প্রচেষ্টাকে উৎসাহিত করবে। সকলকে ধন্যবাদ।