যুদ্ধ শুরুর মাত্র ছয় দিনেই বিপুল অঙ্কের অর্থ ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই স্বল্প সময়ে যুদ্ধ পরিচালনায় ব্যয় হয়েছে ১১.৩ বিলিয়ন ডলারেরও বেশি।
যুদ্ধের প্রথম ছয় দিনের ব্যয়ের এই প্রাথমিক হিসাব নির্ধারণ করেছেন পেন্টাগনের কর্মকর্তারা। মঙ্গলবার (১০ মার্চ) আইনপ্রণেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে সামরিক কর্মকর্তারা এ তথ্য তুলে ধরেন। (মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন)
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে দ্য নিউইয়র্ক টাইমস ও এনবিসি নিউজ জানিয়েছে, ওই বৈঠকে আইনপ্রণেতাদের সামনে যুদ্ধ পরিচালনার বিভিন্ন খাতের ব্যয়ের একটি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়। সেখানে জানানো হয়, যুদ্ধ শুরুর প্রথম ছয় দিনেই ব্যয় ১১.৩ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।
তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই হিসাবের মধ্যে যুদ্ধ শুরুর আগে সামরিক সরঞ্জাম, যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন এবং অতিরিক্ত সেনা পাঠানোর মতো প্রস্তুতিমূলক ব্যয় অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে সব মিলিয়ে যুদ্ধের প্রকৃত ব্যয় এই অঙ্কের চেয়ে আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।