রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

প্রকাশিতঃ মার্চ ১৩, ২০২৬ | ৩:০২ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

চলতি বছরের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। বৃহস্পতিবার (১২ মার্চ) অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিয়মিত সরবরাহ করা যাবে। ঢাকায় পরিকল্পনা কমিশনে আলেকজান্ডার খোজিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, আগামী ৭ এপ্রিল কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ‘ফুয়েল লোডিং’ শুরু হবে। এই প্রক্রিয়া শেষ হলে জুন-জুলাইয়ের মধ্যে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে। তিনি বলেন, পরীক্ষামূলক উৎপাদনের সময় থেকেই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। তবে শুরুতে কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালানো হবে না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, জুন-জুলাই থেকে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। আর ডিসেম্বর নাগাদ প্রথম ইউনিট থেকে পূর্ণ ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।