ঈদে সড়কে প্রাণ হারালেন ২৫ জন

প্রকাশিতঃ মার্চ ২২, ২০২৬ | ১১:৫৮ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

ঈদের দিন-রাত ও পরের দিন দেশের পাঁচ জেলার পৃথক সড়ক দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন, ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে তিনজন, হবিগঞ্জে বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন, কিশোরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কিশোর নিহত হয়েছে। এছাড়া নাটোর, পাবনা, নওগাঁ ও কক্সবাজারে একজন করে নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) মধ্যরাতে ও রোববার (২২ মার্চ) এসব দুর্ঘটনা ঘটে। কুমিল্লা কুমিল্লায় লেভেলক্রসিংয়ে উঠে পড়া একটি বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুজন নারী ও তিনজন শিশু রয়েছে। ঈদের দিন শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার লেভেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি এক কিলোমিটার কচুয়া চৌমুহনী এলাকায় গিয়ে থেমে যায়। ট্রেনের মাথায় বাসটি আটকে যায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়ান আপ ট্রেন কুমিল্লা নগরীর পদুয়ার বাজার লেভেলক্রসিং এলাকা অতিক্রম করছিল। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম অভিমুখী মামুন স্পেশাল পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ সময় বাসটিকে এক কিলোমিটার দূরে নিয়ে যায়। হবিগঞ্জ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। শনিবার রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আঞ্জুরা নামক স্থানে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন জন পুরুষ ও একজন নারী নিহত হন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মাধবপুরে পিকআপভ্যান ও বাসের সংঘর্ষ হয়েছে। এরপর পিকআপ ভ্যানটি পাশে থাকা পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা পিকআপ ভ্যানে থাকা ৪ জনকে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ফেনী ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহাম্মদ মোরশেদ (৩৮) ও মোহাম্মদ সোহাগ (৩৯)। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রয়েছে। আহতদের এখন পর্যন্ত কারো নাম পরিচয় জানা যায়নি। মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনে ব্রিজের সংস্কার কাজ চলছিল। ব্রিজের আগে স্পিড ব্রেকারে একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল। এসময় একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় মোটরসাইকেল ও আরো কিছু বাসের জট লেগে যায়। তার কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। এতে বাস, অ্যাম্বুল্যান্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার ও একজন যাত্রী নিহত হয় এবং ১১ জন আহত হয়। নাটোর নাটোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন। শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নাটোর রাজশাহী মহাসড়কের এক ডেলা শান্তি ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। নিহত নাঈম হোসেন নাটোর সদর উপজেলার নারায়ণ পাড়া এলাকার বাসিন্দা। এদিকে নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বিএসসি ইঞ্জিনিয়ার জুলফিকার আলী জিল্লু (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া গ্রামের আনসারুল হক প্রামাণিকের ছেলে। রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি কলোনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। টেকনাফ কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মো. আনিস (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) দুপুর ২টার দিকে শাহপরীরদ্বীপ-হারিয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। কিশোরগঞ্জ কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী ২ কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী অপর এক কিশোর। রোববার (২২ মার্চ) বিকেলে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার ছয়সূতি ইউনিয়নের দাড়িয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতারা হচ্ছেন- দরিয়াকান্দি এলাকার বিজয় (১৮) ও তার বন্ধু জাবির হোসেন (১৮)। ভৈরব হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, কুলিয়ারচর উপজেলার দারিয়াকান্দি এলাকায় এক মোটরসাইকেলে তিন বন্ধু ঘুরতে বের হয়েছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বিজয় ও জাবির। গুরুতর আহত অবস্থায় অপর কিশোরকে হাসপাতালে পাঠানো হয়। তার নাম পরিচয় এখনো জানা জায়নি।