পিএসএলের বিদেশি ক্রিকেটারদের হুমকি দিল পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন

প্রকাশিতঃ মার্চ ২৩, ২০২৬ | ৫:২০ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

আগামী ২৬ মার্চ শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্ট শুরুর আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড সমর্থকদের হতাশ করে জানিয়েছে, দর্শক ছাড়াই আয়োজিত হবে এবারের পিএসএল। যার নেপথ্যে পাকিস্তানে তীব্র জ্বালানি সংকট। এমন পরিস্থিতির মধ্যে এবার পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটারদের হুমকি দিয়েছে পাকিস্তানের একটি সন্ত্রাসী সংগঠন-খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির। পাকিস্তানের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী জামাত-উল-আহরার প্রকাশ্যে এক বিবৃতি দিয়ে বিদেশি ক্রিকেটারদের পিএসএলে খেলার ক্ষেত্রে সতর্ক বার্তা দিয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে, যদি বিদেশি ক্রিকেটাররা পাকিস্তানের টুর্নামেন্টে অংশ নিতে আসে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে দ্য সানডে গার্ডিয়ানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী জামাত-উল-আহরারের একজন কমান্ডার তাদের বিবৃতির বিষয়টি দ্য সানডে গার্ডিয়ানকে নিশ্চিত করেছেন। এই পত্রিকার সঙ্গে আলাপকালে ক্রিকেটারদের হুমকির ব্যাপারে জামাত-উল-আহরারের কমান্ডার বলেন, ‘আমরা সংশ্লিষ্ট সব ক্রিকেট বোর্ডকে তাদের খেলোয়াড়দের পাকিস্তানে না পাঠানোর জন্য পরামর্শ দিতে চাই। যদি তাদের কিছু ঘটে, তাহলে আমাদের কিছু করার থাকবে না। আমরা ইতিমধ্যেই সতর্কবার্তা দিয়ে দিয়েছি।’ যদি খেলোয়াড়রা এই সতর্কতা উপেক্ষা করে অংশগ্রহণ করে, তখন কী হবে তা জানতে চাইলে কমান্ডার বলেন, ‘আমাদের পক্ষে যা করা সম্ভব, তাই করব। কিন্তু আমরা ম্যাচগুলো হতে দেব না।’ ম্যাচ হতে দেব না এর অর্থ কি পিএসএল বন্ধ করে দেওয়ার চেষ্টা? এর জবাবে দ্য সানডে গার্ডিয়ানকে জামাত-উল-আহরারের কমান্ডার বলেন, ‘হ্যাঁ, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যাতে ম্যাচগুলো না হয় এবং খেলোয়াড়রা যাতে মাঠে নামতে না পারে।’ পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনো এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আচমকা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পাকিস্তানে তীব্র জ্বালানি সংকটের কারণে স্টেডিয়ামে দর্শক ছাড়াই পিএসএল মাঠে গড়াবে। মূলত দেশের মানুষের জ্বালানির খরচ বাঁচাতেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। তবে পিসিবির ঘোষণার একদিন পর সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর এমন হুমকি দিয়ে বিবৃতি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ থেকে এবারের পিএসএলে ছয়জন ক্রিকেটার ডাক পেয়েছেন। আজ পিএসএল খেলার জন্য পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার- মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা। রিশাদ হোসেন ও তানজিদ তামিম পরে যাওয়ার কথা রয়েছে।