কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা

প্রকাশিতঃ মার্চ ২৩, ২০২৬ | ৫:৩৬ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

কুমিল্লায় বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় গেটম্যান হেলাল উদ্দিন ও ওয়েম্যান মেহেদী হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আহত বাসযাত্রী শেফালী আক্তার লাকসাম রেলওয়ে থানায় মামলাটি করেন। শেফালী আক্তার নিহত সোহেল রানার খালা; তার বাড়ি কুমিল্লার লাকসামে। মামলার বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন জানান, বাংলাদেশ দণ্ডবিধির ৩০৪(ক) ধারা (দায়িত্বে অবহেলার কারণে মৃত্যু) অনুযায়ী মামলাটি দায়ের করা হয়েছে। মামলার বাদী শেফালী আক্তার নিজেও দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রী ছিলেন। ওসি জসীম উদ্দিন আরও জানান, মালয়েশিয়া প্রবাসী সোহেল রানা ঈদ উদযাপন করতে নিজ জেলা চুয়াডাঙ্গায় এসেছিলেন। সেখান থেকে ঈদের দিন কুমিল্লার লাকসামে খালার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় তিনি নিহত হন। একই ঘটনায় আহত সোহেল রানার স্ত্রী ও মেয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার ঈদের দিন ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের একটি লেভেল ক্রসিংয়ে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের সঙ্গে ‘মামুন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে বাসটির ১২ জন যাত্রী নিহত হন এবং অন্তত আটজন গুরুতর আহত হন। ঘটনার পর পদুয়ার বাজার এলাকার ওই লেভেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা দুই গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও আহতদের দাবি, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেনটি আসার সময় লেভেল ক্রসিংয়ের গেট সময়মতো বন্ধ করতে ব্যর্থ হন দায়িত্বরত গেটম্যানরা। এর ফলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।