ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহতের কথা জানাল সেন্টকম

প্রকাশিতঃ মার্চ ২৬, ২০২৬ | ৮:২৭ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৯০ সেনা আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ। সেন্টকমের এক মুখপাত্র সিবিএসকে বলেন, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের মোট ২৯০ সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে ২৫৫ জন আবার দায়িত্বে ফিরেছেন। আর ১০ জনের অবস্থা গুরুতর। তবে আহত সেনাদের বাকি ২৫ জন এখন কী অবস্থায় আছেন, তা জানাননি ওই মুখপাত্র। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাব ইরানে হামলা করে। যুক্তরাষ্ট্র ‘এপিক ফিউরি’ নামে অভিযান শুরু করে। ইসরায়েল নিজেদের অভিযানের নাম দিয়েছে ‘লায়ন রোর’। সেদিনের হামলার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটি থাকা বিভিন্ন দেশে পাল্টা হামলা চালায় তেহরান। এরপর পুরো অঞ্চলজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ে। প্রায় চার সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত নিজেদের ১৩ জন সেনা নিহত হওয়ার খবর দিয়েছে মার্কিন বাহিনী। এ সময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনাও ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ চলাকালে ধ্বংস হয়েছে মার্কিন বাহিনীর বেশ কিছু সামরিক উড়োজাহাজ ও যুদ্ধবিমান। অপরদিকে ইরানে ১ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলে ১৮, বাহরাইনে ৩, ওমানে ৩, সৌদি আরবে ৩, লেবাননে ১ হাজার ৭২, আরব আমিরাতে ৮, কুয়েতে ৬, ইরাকে ৮২, সিরিয়ায় ৪ ও ফ্রান্সে ১ জনের মৃত্যু হয়েছে।