ফাইনালে জিতেও শিরোপা হাতছাড়া, ফিরে পেতে ক্রীড়া আদালতে আপিল সেনেগালের

প্রকাশিতঃ মার্চ ২৬, ২০২৬ | ৫:৩৪ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) সর্বশেষ টুর্নামেন্ট শেষ হওয়ার দুই মাস পেরিয়ে গেছে। গত ১৮ জানুয়ারির সেই নাটকীয় ফাইনালে মরক্কোকে ১-০ ব্যবধানে হারিয়ে আফকনের শিরোপা জিতেছিল সেনেগাল। কিন্তু ঘটনার দুই মাস পর, গত ১৭ মার্চ স্কোরলাইন পরিবর্তন করে মরক্কোকে ৩-০ ব্যবধানে জয়ী ঘোষণা করে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। সিএএফের ওই ঘোষণার ফলে আফকনের নতুন চ্যাম্পিয়নের তকমা পায় মরক্কো। কিন্তু ওই সিদ্ধান্ত মানতে নারাজ সেনেগাল। শিরোপা পুনরুদ্ধারের জন্য সিএএফের সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) আপিল করেছে দেশটির ফুটবল ফেডারেশন (এফএসএফ)। সেনেগালের থেকে আপিলের বিষয়টি নিশ্চিত করেছে সিএএস। তবে এ আপিলের চূড়ান্ত রায় আসতে কিছুটা সময় লাগতে পারে। যদিও সিএএস জানিয়েছে, যতটা দ্রুত সম্ভব, রায় দিতে চায় ক্রীড়া বিষয়ক বিরোধ নিষ্পত্তির জন্য বিশ্বের সর্বোচ্চ আদালত হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটি। বহুল আলোচিত মরক্কো-সেনেগালের ওই ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য সমতায় শেষ হলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়িয়েছিল। সেখানে পেনাল্টি পেয়েছিল মরক্কো। রেফারির সেই সিদ্ধান্তের প্রতিবাদে সাময়িকভাবে মাঠ ছেড়েছিলেন সেনেগালের ফুটবলাররা। প্রায় ১৭ মিনিট বন্ধ থাকে খেলা। পরে তারা মাঠে ফিরলে ম্যাচ আবার শুরু হয়। মজার বিষয়, ওই পেনাল্টি শটে গোল করতে ব্যর্থ হয় মরক্কো। তার একটু পরে পাপে গায়ের গোলে ২০২১ এর পর আরেকবার আফকনের শিরোপা নিশ্চিত হয় সেনেগালের। কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগেই সেনেগালের খেলোয়াড়রা মাঠ ছেড়েছিলেন, সেই বিতর্কিত ঘটনার জেরেই গত সপ্তাহে এক বিবৃতি দিয়ে সেনেগালের শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে সিএএফ। ওই সময় সিএএফ জানায়, ফাইনালে ওই ওয়াকঅফের কারণে সেনেগালকে ‘ম্যাচ পরিত্যাগকারী’ হিসেবে গণ্য করে রায় দিয়েছে তাদের আপিল বোর্ড। সেই সঙ্গে ম্যাচের ফল মরক্কোকে ৩-০ ব্যবধানে জয়ী হিসেবে নথিভুক্ত করা হয়েছে। সিএএফের এমন ফল পরিবর্তনের রায়ের ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছিল সেনেগাল। তারা যে সর্বোচ্চ আদালত সিএএসে আপিল করবে, সেই ইঙ্গিতও মিলেছিল। অবশেষে গতকাল আনুষ্ঠানিকভাবে আপিল আবেদন করেছে সেনেগাল। আর সেই আবেদন নথিভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে সিএএস। ওই আপিলে সেনেগালের চাওয়া, সিএএফের সিদ্ধান্ত বাতিল করে যেন তাদেরকেই বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। সেনেগালের আপিল প্রসঙ্গে সিএএসের মহাপরিচালক ম্যাথিউ রিব এক বিবৃতিতে বলেছেন, ‘এ ধরনের বিরোধ নিষ্পত্তিতে সিএএসের সক্ষমতা আছে। প্রয়োজনে অভিজ্ঞ ও স্বাধীন সালিশকারীদের সহায়তা নেওয়া হবে।’ তিনি আরও জানান, ‘আমরা বুঝতে পারছি যে, দলগুলো ও তাদের সমর্থকেরা দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে আমরা নিশ্চিত করব, যেন সব পক্ষের ন্যায্য শুনানির অধিকার বজায় রেখে যত দ্রুত সম্ভব সালিশ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হয়।’