বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দু দেশের সম্পর্ক আরও গভীর করারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আজ স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় সময় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানান।
মার্কো রুবিও বিজ্ঞপ্তিতে বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি বাংলাদেশের স্বাধীনতা দিবসে দেশটির জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি।
তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনের পর বাংলাদেশ ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু করেছে, এমন প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে।
মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারত্বকে গুরুত্ব দেয়। একটি মুক্ত, অবাধ, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ার লক্ষ্যে এ দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে।
তিনি বলেন, আমরা উভয় দেশের জনগণের কল্যাণে আমাদের অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার প্রত্যাশা করি। আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই।
মার্কো রুবিও বলেন, বাংলাদেশের এই ঐতিহাসিক মুহূর্তটি উদযাপনের সময় মার্কিন যুক্তরাষ্ট্র দু দেশের সম্পর্ককে আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।