সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১০টি ড্রোন ভূপাতিত, ছুড়ল কারা?

প্রকাশিতঃ মার্চ ৩১, ২০২৬ | ৫:০২ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১০টি ড্রোন সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের জনবহুল এলাকা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছিল। খবর সৌদি গ্যাজেটের। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, ধ্বংস করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের দিকে ধাবিত হচ্ছিল। এছাড়া গত কয়েক ঘণ্টায় আকাশসীমার বিভিন্ন প্রান্তে হানা দেওয়া ১০টি ড্রোনকেও মাঝপথেই ধ্বংস করে দেওয়া হয়। সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, ধ্বংস করা ড্রোনগুলোর অবশিষ্টাংশ সৌদি আরবের আল-খারজ এলাকার কিছু আবাসিক এলাকায় গিয়ে পড়ে। এতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ নাগরিকদের জানমালের সুরক্ষায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই সৌদি আরবে এই হামলার ঘটনা ঘটল।