পেরুর রাজধানী লিমা’র আলেহান্দ্রো ভিলানুয়েভা স্টেডিয়ামে শুক্রবার একটি ডার্বি ম্যাচের আগে অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ক্লাব আলিয়াঞ্জা লিমা এ তথ্য জানিয়েছে। পরদিনই তাদের ইউনিভার্সিটিরিওর সঙ্গে মুখোমুখি হওয়ার কথা ছিল।
ক্লাবটি হতাহতদের প্রতি শোক ও সংহতি প্রকাশ করেছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘মাতুটে’ নামে পরিচিত এই স্টেডিয়ামে একটি ‘পতাকা উত্তোলন অনুষ্ঠান’ চলাকালীন ৬০ জন আহত হয়েছেন।
নিজেদের বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘আমরা স্বচ্ছতার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি।’ ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট না হলেও এর পেছনের সত্য উদঘাটনে ক্লাবটি ‘পূর্ণ স্বচ্ছতা’ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
আলিয়াঞ্জা লিমা এবং দমকল বাহিনীর একজন কর্মকর্তা স্টেডিয়ামের কোনো কাঠামোগত ত্রুটির বিষয়টি নাকচ করে দিয়েছেন।
দমকল কর্মকর্তা মার্কো পাহুয়েলো নিউজ চ্যানেল ‘কানাল এন’-কে বলেছেন, ‘মূল্যায়ন অনুযায়ী, কোনো কাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি।’ তিনি জানান যে প্রাথমিক পরিদর্শনে দেখা গেছে কেউ গর্তে পড়ে যায়নি এবং সেখানে কোনো ধ্বংসাবশেষও ছিল না।
পেরুর প্রফেশনাল সকার লিগ জানিয়েছে, শনিবারের ম্যাচটি পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এক বিবৃতিতে তারা আরও যোগ করেছে, ‘স্টেডিয়ামের ভেতরে ও বাইরে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আমরা ক্লাব ও কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাব।’