কাশিয়ানীতে বিপুল মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিতঃ এপ্রিল ১২, ২০২৬ | ৬:৩৩ অপরাহ্ণ
মামুন মুন্সী, উপজেলা প্রতিনিধি, কাশিয়ানী, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার (১২ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার পশ্চিম রাতইল এলাকায় সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ দুপুরে তার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি বাড়িতে মাদকের বড় চালান মজুত থাকার তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় অভিযুক্ত শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮)-এর বাড়ি তল্লাশি চালিয়ে ১০ হাজার ২০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪ লাখ ২৬ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শেখ শহিদুল ইসলাম আকাশকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নেয় পুলিশ। এ ঘটনায় কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গ্রেফতারকৃত আকাশের বিরুদ্ধে এর আগে মাদক সংক্রান্ত অন্তত পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।