দেশের জ্বালানি বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা আনার লক্ষ্য নিয়ে চালু করা ‘ফুয়েল পাস’ অ্যাপ শুরুতেই নানা সমস্যার মুখে পড়েছে।
ব্যবহারকারীরা অভিযোগ করছেন, সার্ভার জটিলতা ও লগইন সংক্রান্ত সমস্যার কারণে অ্যাপটি কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে না।
সোমবার রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে আগের মতোই মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। অনেক পাম্পে জ্বালানি না পাওয়ার অভিযোগও রয়েছে। যেখানে তেল মিলছে, সেখানেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে ভোক্তাদের।
ভুক্তভোগীরা জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ডিপো থেকে তেলের সরবরাহ এলেও লাইনের পরিস্থিতির তেমন পরিবর্তন হচ্ছে না।
অনেক বাইকারের ভাষায়, ‘ফুয়েল পাস’ অ্যাপ এখন স্বস্তির বদলে নতুন এক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ অবস্থায় সাধারণ গ্রাহকরা অ্যাপটির কারিগরি উন্নয়ন ও ব্যবস্থাপনায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, রোববার থেকে রাজধানীর সাতটি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে মোটরসাইকেল চালকদের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।