সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন।

প্রকাশিতঃ এপ্রিল ১৫, ২০২৬ | ৬:৪৪ পূর্বাহ্ণ
ভুপাল চন্দ্র রায়, জেলা সংবাদদাতা, নওগাঁ, রাজশাহী

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায়, উৎসবমুখর পরিবেশে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে নওগাঁর নিয়ামতপুরে নতুন বছরকে বরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯.০০ টায় উপজেলা চত্বর থেকে বৈশাখী আনন্দ শোভাযাত্রা বের করা হয়।এই বৈশাখী আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রেজাউল করিম। শোভাযাত্রাটি শহরের থানা মোড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়ে আবারও একই পথে ফিরে আসে উপজেলা পরিষদ চত্বরে। আনন্দ শোভাযাত্রাটি শুরু হওয়ার আগে সকাল থেকেই ধর্ম-বর্ণ নির্বিশেষে চিরচেনা গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরে নতুন বছরকে স্বাগত জানাতে নিয়ামতপুর উপজেলা চত্বরে জড়ো হয় হাজারো সাধারণ মানুষ। পরে তাদের উপস্থিতিতে শুরু হয় বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ঘোড়া, পালকি, মাটির তৈরি বাসনসহ বিভিন্ন বর্ণের বেলুন ফেস্টুন, মাথাল শোভাযাত্রাকে বর্ণিল করে তোলে। এ সময় উপজেলা প্রশাসন, পুলিশ, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ অংশ নেন।