নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

প্রকাশিতঃ এপ্রিল ২৩, ২০২৬ | ৬:৫৩ পূর্বাহ্ণ
ভুপাল চন্দ্র রায়, জেলা সংবাদদাতা, নওগাঁ, রাজশাহী

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় ৩জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় হত্যাকান্ডে ব্যবহৃত ছোরা ও হাসুয়া উদ্ধার করা হয়েছে। এ হত্যা কান্ডে চাচাতো ভাই, ভাগ্নে ও ভগ্নীপতি সহ ৬জন অংশ নেয়। আজ বুধবার দুপুর ২টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন- নিহত হাবিবুর রহমানের ভাগিনা সবুজ রানা এবং ভগ্নিপতি শহীদুল ইসলাম ও তার ছেলে শাহিন মন্ডল। পুলিশ সুপার বলেন- জমিজমা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৪জনকে পরিকল্পিত ভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ডে ৬জন অংশ নেয়। এরমধ্যে নিহত হাবিবুর রহমানের ভাগিনা সবুজ রানা এবং ভগ্নিপতি শহীদুল ইসলাম ও তার শাহিন মন্ডল। তিনি বলেন- বাড়ির মালিক নমির উদ্দিন এর এক ছেলে হাবিবুর রহমান ও ৫মেয়ে। ছেলেকে ১৩ বিঘা জমি এবং প্রত্যেক মেয়েকে ১০ কাঠা করে জমি লিখে দেন তিনি। মেয়েরা কেন জমি কম পাবে এ নিয়ে প্রায় দ্বন্দ্ব হতো। এই জমি নিয় বিরোধে ৪জনকে হত্যা করা হয়েছে। তবে হত্যার দুই দিন আগে কিলিং মিশনের পরিকল্পনা করে ভাগ্নে সবুজ ও শহীদুল ইসলাম। হাবিবুরের পরিবারকে নির্মুল করতে হবে। সে মোতাবেক ভাগিনা সবুজ আগে থেকে গোপনে হাবিবুরের বাড়িতে ছিলো। প্রতিদিনের মতো হাবিবুর পরিবার নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সোমবার রাত ১১ টার দিকে সবুজ বাড়ির দরজা খুলে দেয়। এরপর শহিদুল ও তার ছেলে শাহিন সহ ৫ জন বাড়িতে প্রবেশ করে। শুরুতে হাবিবুরকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়। পাশের ঘরে থাকা তার স্ত্রী ও সন্তানদের নৃশংস ভাবে জবাই করে হত্যা করা হয়। রাত ১১ টা থেকে ১ টা পর্যন্ত এ হত্যা কান্ড ঘটানো হয়। ঘটনার পর ৫জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়। তবে সবুজকে ব্যাপক জিজ্ঞাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে। তার দেয়া তথ্যে রাতেই হত্যার কাজে ব্যবহৃত হাসুয়া শাহিনের বাড়ির সামনের ঝোপ থেকে উদ্ধার করা হয়। তার দেয়া তথ্যে শহিদুল ও তার ছেলে শাহিন মন্ডলকে গ্রেফতার করা হয়। এছাড়া আজ দুপুরে বাড়ির পাশে একটি পুকুর শুকিয়ে সেখান থেকে ছোরা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। এ ঘটনার সাথে আরো যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করা হবে। উল্লেখ্য- সোমবার রাতে জেলার নিয়ামতপুর থানার বাহাদুরপুর গ্রামে একই পরিবারে চারজনকে জবাই করে নৃশংস ভাবে হত্যা করা হয়। নিহতরা হলেন- হাবিবুর রহমান, তার স্ত্রী পপি, ছেলে পারভেজ ও মেয়ে সাদিয়া।