ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় অবস্থানরত মাদ্রাসা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে এক নান্দনিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন প্রতিযোগিতা, কিরাত এবং হামদ-নাত প্রতিযোগিতার আয়োজন নিশ্চিত করতে স্থানীয় ইমাম ও শিক্ষকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৭ এপ্রিল) সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
সভায় বক্তারা শিক্ষার্থীদের ইসলামি শিক্ষা ও সংস্কৃতির চর্চায় উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। প্রশাসক মহোদয় তাঁর বক্তব্যে উল্লেখ করেন, মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং তাদের সুস্থ সাংস্কৃতিক পরিবেশ প্রদানে সিটি কর্পোরেশন সব সময় পাশে থাকবে। এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় নৈতিকতা ও শুদ্ধ কিরাত চর্চার প্রসার ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে নগরীর বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় ইমাম, ওলামায়ে কেরাম এবং মাদ্রাসা শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে তাদের মূল্যবান পরামর্শ প্রদান করেন। প্রতিযোগিতার সময়সূচী ও নিয়মাবলী দ্রুতই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।