মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানা-এর কুসুমপুর বউবাজার থেকে ব্রাহ্মণখোলা খান বাড়ির পশ্চিম ও দক্ষিণ পাশ হয়ে ব্রাহ্মণখোলা কবরস্থান পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এতে করে এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি বছরের পর বছর সংস্কার না হওয়ায় বর্তমানে এটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শুষ্ক মৌসুমে ধুলাবালিতে পথচারী ও যানবাহন চলাচল কঠিন হয়ে পড়ে, আর সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে কাদামাটিতে পরিণত হয়।
এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করেন। বিশেষ করে মসজিদগামী মুসল্লিদের নামাজ আদায়ে যেতে ভোগান্তির শিকার হতে হয়। এছাড়া ব্রাহ্মণখোলা কবরস্থানে লাশ নেওয়ার সময়ও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, যা এলাকাবাসীর কাছে অত্যন্ত কষ্টদায়ক পরিস্থিতি হিসেবে দেখা দিয়েছে।
এদিকে, স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও এই সড়কের কারণে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে। ভাঙাচোরা ও কাদাযুক্ত রাস্তা পাড়ি দিয়ে তাদের নিয়মিত যাতায়াতে বিঘ্ন ঘটছে এবং নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, “এই রাস্তাটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। দ্রুত পাকা করা না হলে আমাদের দুর্ভোগ আরও বাড়বে।”
এলাকাবাসী মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল্লাহ-এর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন, তিনি যেন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত সড়কটি পাকা করার উদ্যোগ নেন।