গুহার ভেতর পাওয়া গেল নিখোঁজ চার ইতালীয়র মরদেহ

প্রকাশিতঃ মে ১৯, ২০২৬ | ৮:১৫ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

মালদ্বীপের একটি প্রবালদ্বীপের পানির নিচের গুহায় নিখোঁজ চার ইতালীয় ডুবুরির মরদেহের সন্ধান পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার চার দিন পর তাদের মরদেহের অবস্থান নিশ্চিত করা হয়। মালদ্বীপ সরকারের বরাতে দ্য গার্ডিয়ান সোমবার (১৮ মে) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ফিনল্যান্ডের তিনজন বিশেষজ্ঞ ডুবুরি, মালদ্বীপ পুলিশ ও সামরিক বাহিনীর সহায়তায় গুহার ভেতরের গভীর অংশে মরদেহগুলো খুঁজে পাওয়া যায়। সরকারি মুখপাত্র আহমেদ শাম বলেন, ধারণা অনুযায়ী মরদেহগুলো গুহার গভীরতম অংশে পাওয়া গেছে। গুহার তৃতীয় স্তরে চারজনের মরদেহ প্রায় পাশাপাশি অবস্থায় ছিল। তিনি আরও জানান, মঙ্গলবার দুটি মরদেহ উদ্ধার করার চেষ্টা করা হবে এবং পরদিন বাকি দুটি মরদেহ উদ্ধারের পরিকল্পনা রয়েছে। এর আগে গুহার বাইরে পঞ্চম ইতালীয় নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ছিলেন একজন ডাইভিং প্রশিক্ষক। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভাভু অ্যাটলের একটি গুহায় প্রায় ৫০ মিটার গভীরে অনুসন্ধানে নেমেছিলেন পাঁচজন। অথচ মালদ্বীপে বিনোদনমূলক ডাইভিংয়ের অনুমোদিত গভীরতা সর্বোচ্চ ৩০ মিটার। উদ্ধার অভিযানের সময় মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের সদস্য মোহাম্মদ মাহুদি পানির নিচে ডিকমপ্রেশনজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে মারা যান। এরপর সাময়িকভাবে অভিযান স্থগিত করা হয়েছিল। রোববার গভীর সমুদ্র ও গুহা ডাইভিংয়ে অভিজ্ঞ তিন ফিনিশ বিশেষজ্ঞ মালদ্বীপে পৌঁছান এবং পরে অভিযান পুনরায় শুরু হয়। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা বারবার ব্যাহত হয়েছে। প্রাথমিক অনুসন্ধানী দলগুলো ইতোমধ্যে গুহার প্রবেশপথ শনাক্ত ও চিহ্নিত করেছিল। তবে ডুবুরিদের মৃত্যুর কারণ এখনো তদন্তাধীন।