ঈদে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, মালিকরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল

প্রকাশিতঃ মে ২৫, ২০২৬ | ৫:২৫ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাস মালিক সমিতি প্রতিশ্রুতি ভঙ্গ করে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সড়কে মৃত্যুর মিছিল শুরু হয়েছে দাবি করে জরুরি ভিত্তিতে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে করে দরিদ্র, শ্রমজীবী, কর্মজীবী সাধারণ মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার দাবি জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সোমবার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এমন অভিযোগ এনে বলেন, বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি তাদের বিভিন্ন জেলা শাখা ও ইউনিট শাখার বিভিন্ন বাসে আসন্ন পবিত্র ঈদুল আজহায় অতিরিক্ত ভাড়া আদায় না করার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। উল্লেখ্য, অতিরিক্ত ভাড়া আদায়ের সামর্থ্য না থাকায় চট্টগ্রাম থেকে স্বল্প ভাড়ায় রড বোঝাই ট্রাকে করে শ্রমজীবি মানুষেরা সুদুর নওগাঁ যাওয়ার পথে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাক উল্টে ১৭ জন নিহত ও ১০ জন গুরুত্বর আহত হয়। এছাড়া, নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ছাদে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। সংগঠনটি বলেছে, ‘প্রতিবছর ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের সামর্থ্যহীন খেটে খাওয়া, কর্মজীবী, শ্রমজীবী, দিনমজুর, নির্মাণ শ্রমিকসহ অপ্রাতিষ্ঠানিক খাতের লাখো লাখো মানুষ ট্রেনের ছাদে, বাসের ছাদে, খোলা ট্রাকে, পণ্য বোঝাই ট্রাকের উপর কম ভাড়ায় যাতায়াতে বাধ্য হচ্ছে। যাদের ঘাম শ্রমে আমাদের অর্থনীতির মজবুত হয়, তাদের বছরে দুটি ঈদে নিরাপদ ও নির্বিঘ্নে যাত্রা নিশ্চিতে রাষ্ট্র বার বার ব্যর্থ হচ্ছে।’ অনতিবিলম্বে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে বাস মালিক সমিতির প্রতিশ্রুতি রক্ষা করা, সরকারের কঠোর নির্দেশনা মান্য করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব । একইসঙ্গে দুযোর্গপূর্ণ এবারের ঈদ মৌসুমে সড়ক, রেল ও নৌ-পথে অতিরিক্ত যাত্রা বোঝাই হওয়া থেকে বিরত থাকা, নিজের ও নিজের পরিবারের সদস্যদের জীবন ঝুঁকিতে ফেলে বাসের ছাদে, পণ্য বোঝাই ট্রাকের ছাদে, খোলা ট্রাকে, ট্রেনের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকা, ফিটনেসবিহীন বাস ও লঞ্চে আরোহন না করার জন্য দেশের যাত্রী সাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে যাত্রী অধিকার সুরক্ষায় নিয়োজিত সংগঠনটি।