এটিএম বুথে টাকার সংকট লেনদেন ব্যাহত

প্রকাশিতঃ মে ২৬, ২০২৬ | ৪:৪৩ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

সাধারণত ঈদুল আজহায় বাজারে নগদ টাকার চাহিদা বেশি মাত্রায় বাড়ে। কিন্তু এবার চাহিদা অনুযায়ী নগদ টাকার জোগান কম। যে কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোর এটিএম বুথগুলোতে টাকার সংকট দেখা দিয়েছে। রাজধানী ও ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় ব্যাংকের বুথগুলো থেকে যথেষ্ট পরিমাণে নগদ টাকা পাচ্ছেন না গ্রাহকরা। নগদ টাকার সরবরাহ সংকট ও ইন্টারনেট বিভ্রাটের কারণে এমনটি হচ্ছে বলে ব্যাংকগুলো জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, কুরবানির ঈদের সময়ে কুরবানির পশু কেনার জন্য ও কাঁচা চামড়া কিনতে উদ্যোক্তাদের ঋণ দিতে ব্যাংক থেকে অনেক টাকা উত্তোলন করেন গ্রাহকরা। এ টাকার একটি বড় অংশ কুরবানির পশু কেনার পর ব্যবসায়ীরা ফের ব্যাংকে জমা দেন। ফলে অন্যান্য বছর ব্যাংকে নগদ টাকার সংকট হয় না। গত রোববার পর্যন্ত ঈদের বাকি ছিল ৩ দিন। রোববার পর্যন্ত কুরবানির পশুর হাট জমেনি। ফলে ব্যাংক থেকে গ্রাহকরা যে টাকা তুলেছেন সেগুলো তাদের হাতেই আছে। ব্যাংকে আর ফেরত আসেনি। যে কারণে এবার নগদ টাকার সংকট দেখা দিয়েছে। এছাড়া পড়েছে টানা ৭ দিনের ছুটি। এর মধ্যে ডিপোজিটের টাকাও জমা পড়ছে না। ফলে সংকটকে আরও প্রকট করেছে। এছাড়া কুরবানির ঈদের সময় ব্যাংক থেকে টাকা তুলে গ্রাহকদের হাতে রাখার পরিমাণ সবচেয়ে বেশি থাকে। ঈদের পর আবার ওই টাকা ব্যাংকে ফেরত আসে। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, অর্থনৈতিক সংকট বা রাজনৈতিক অনিশ্চয়তা থাকলে টাকা ব্যাংকে ফেরত আসতে বেশ দেরি হয়। তখন তালর‌্য সংকট বাড়ে। এবার নগদ টাকা ছাপানোর প্রবণতা কম এবং আগে প্রচলিত নোটগুলো ছেঁড়া ও ময়লাযুক্ত। যে কারণে ওইসব নোট কম ছাড়তে হচ্ছে। এছাড়া শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত নোটগুলো বাজারে ছাড়া হচ্ছে কম। রোববার দেখা গেছে, মার্কেট এলাকার এটিএম বুথগুলোতে টাকার সংকট বেশি। এছাড়া দুর্বল ব্যাংকের বুথগুলোতেও সংকট রয়েছে। সোমবার মার্কেটের পাশাপাশি আবাসিক এলাকা ও বাণিজ্যিক এলাকার বুথগুলোতেও সংকট দেখা যায়। গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঈদের টানা ছুটিতে এটিএম বুথগুলোতে নগদ টাকার পর্যাপ্ত সরবরাহ রাখার নির্দেশ দিয়েছিল। কিন্তু ব্যাংকগুলো এবার সেটি নিশ্চিত করতে পারেনি।