আইনজীবী সমিতির সভাপতির অন্তঃসত্ত্বা পুত্রবধূকে ধর্ষণের হুমকি দিয়ে সশস্ত্র ডাকাতি

প্রকাশিতঃ জুন ৫, ২০২৬ | ৫:২২ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

কক্সবাজারের চকরিয়ায় আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টুর পুত্রবধূকে ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে ও ধর্ষণের ভয় দেখিয়ে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোন লুটের অভিযোগ উঠেছে। গতকাল ৩রা জুন, বুধবার ভোররাত ৪টার দিকে চকরিয়া পৌরসভার ভরামুহুরী উকিলপাড়ায় অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টুর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ডাকাতরা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে অন্তঃসত্ত্বা পুত্রবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তারা ১০ বছর বয়সী নাতনি ও এক যুবতী গৃহকর্মীকে ভয়ভীতি প্রদর্শন করে। পরে আলমারি খুলে প্রায় চার ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা এবং তিনটি মোবাইল ফোন নিয়ে যায়। অ্যাডভোকেট মিন্টুর স্ত্রী ছৈয়দা দিলসাত খানম (৫৮) জানান, ঘটনার সময় অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টু ও তার স্ত্রী অন্য বাড়িতে অবস্থান করছিলেন। তাদের দুই ছেলে ব্যবসায়িক কাজে বাইরে থাকায় বাড়িতে ছিলেন পুত্রবধূ, নাতি ও গৃহকর্মী। এ সুযোগে ৬ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চকরিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লুৎফুল কবির বলেন, সাম্প্রতিক সময়ে আইনজীবীদের ওপর হামলার ঘটনার পর এই ডাকাতির ঘটনা উদ্বেগজনক। তিনি আইনজীবী ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।