কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

প্রকাশিতঃ জুন ৭, ২০২৬ | ৫:৪০ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আফতাব হোসেনকে (৫০) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শনিবার (৭ জুন) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আফতাব হোসেন উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা ও পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত। স্থানীয়রা জানায়, শিশুটির বাবা একজন ভ্যানচালক। শিশুটির সাথে এই ঘটনার দুই ঘণ্টা পর জানাজানি হলে গ্রামবাসীরা তার বাড়িতে অবরুদ্ধ করে রাখে। গ্রামে উত্তেজনা পরিবেশ তৈরি হয়। এরপর পুলিশ মনোহরপুর গ্রামে গিয়ে অভিযুক্ত ব্যক্তি আফতাব হোসেনকে থানায় নিয়ে আসে। ভিকটিম শিশুটির বাবা জানান, সন্ধ্যার আগ দিয়ে মেয়ের দাদির জন্য গ্রাম্য চিকিৎসক আফতাবের কাছ থেকে ওষুধ আনতে যায়। এ সময় আফতাব আমার মেয়েকে ফুসলিয়ে ঘরের মধ্যে আটকিয়ে রাখে। পরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। আমি ওই নরপশুর কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। শিশুটির মা জানান, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ওর দাদির জন্য আফতাবের কাছে ওষুধ আনতে যায়। প্রায় ১ ঘণ্টা পর সে বাড়িতে আসে। বাড়িতে আসার পর সে আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে। এরপর সে আমার কাছে ঘটনা খুলে বলে। তারপর মেয়েকে নিয়ে হাসপাতালে আসি। আমি এ ঘটনায় জড়িত ব্যক্তির ফাসি চাই। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুল ইসলাম বলেন, শিশুটি হাসপাতালে আসে রাত সাড়ে ৮ টার দিকে। প্রাথমিক পরীক্ষায় শিশুটিকে ধর্ষণচেষ্টার আলামত পাওয়া গেছে। উন্নত পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, ইতিমধ্যে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। শিশুটির পরিবার মামলা করলে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে।