ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রের ডালাসের একটি বারে ভিড় করেছিলেন ইংল্যান্ড সমর্থকরা। কিন্তু ভিড়ের মাত্রা এতটাই বেশি ছিল যে, পুলিশ সদস্যরা বাধ্য হয়ে সমর্থকদের বার থেকে বের করে দেন।
‘দ্য লন্ডনার পাব’ নামের বারটি টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের মকিংবার্ড স্টেশনে। প্রকাশিত ছবিতে দেখা গেছে, বারটির ভেতর, বারান্দা ও বাইরের অংশ ইংল্যান্ড সমর্থকে ঠাসা। পুরো ভবনে লাল-সাদা রঙের পতাকা টানানো। ভেতরে টেবিলগুলোতে পড়ে আছে অসংখ্য খালি বিয়ার ক্যান ও বোতল।
দ্য ইনডিপেনডেন্টের বরাত দিয়ে সিবিএস জানিয়েছে, ম্যাচের আগে ওই বারে ইংল্যান্ড সমর্থকরা ৫ হাজার বিয়ার পান করেন। এতে খরচ হয় ৪০ হাজার ২০০ মার্কিন ডলারেরও বেশি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ লাখ টাকা।
ডালাসের পুলিশ বিভাগ জানিয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণে তারা জরুরি সেবার নম্বরে কল পান। এরপর সদস্যরা সেখানে যান। তবে কাউকে গ্রেপ্তার বা সরে যেতে বলা হয়নি।
ইনডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ সদস্যদের উপস্থিতিতে বারটি খালি হলেও অনেক সমর্থক ভবনের বাইরে কয়েক ঘণ্টা ধরে অবস্থান করেন। ছবিতে কয়েকজনকে ফুটবল খেলতেও দেখা গেছে।
৬০ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্য বুধবার বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইংল্যান্ড। ২০১৮ সালের রানার্স-আপ ক্রোয়েশিয়াকে হ্যারি কেন’রা হারিয়েছেন ৪-২ গোলে।