রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি

প্রকাশিতঃ জুন ২১, ২০২৬ | ৫:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

চলমান ফিফা বিশ্বকাপের ‘ই’ গ্রুপের তৃতীয় ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে জার্মানি। এই জয়ে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের পর তৃতীয় দল হিসেবে রাউন্ড অব ৩২-এ ওঠার কৃতিত্ব দেখাল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৩০তম মিনিটে এগিয়ে যায় আইভরি কোস্ট। বক্সের ভেতরে সৃষ্ট জটলার পর ফিরতি বলে দারুণ এক শটে জাল খুঁজে নেন ফ্রাঙ্ক কেসি। প্রথমার্ধে দুইবার বল জালে পাঠিয়েও হতাশ হতে হয় জার্মানিকে। অফসাইড ও ফাউলের কারণে তাদের দুটি গোলই বাতিল হয়ে যায়। বিশেষ করে কাই হাভার্টজের করা গোলটি বাতিল হয়, কারণ আক্রমণ শুরুর আগে আইভরি কোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আগবাদুর ওপর ফাউলের ঘটনা ধরা পড়ে। ফলে ১-০ গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় আফ্রিকার দলটি। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য আক্রমণের তীব্রতা বাড়ায় জার্মানি। ম্যাচের ৬৮তম মিনিটে নাদিম আমিরির বাড়ানো বল থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে সমতাসূচক গোল করেন ডেনিজ উনদাভ। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে আবারও গোল করে জার্মান শিবিরে উচ্ছ্বাস ফেরান উনদাভ। নিজের দ্বিতীয় এবং দলের জয়সূচক গোলটি করে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন স্টুটগার্টের এই ফরোয়ার্ড। শেষ দিকে একের পর এক আক্রমণ চালিয়েও আর ম্যাচে ফিরতে পারেনি আইভরি কোস্ট। জার্মান রক্ষণভাগ ভেদ করে কাঙ্ক্ষিত গোল আদায় করতে ব্যর্থ হন তাদের আক্রমণভাগের খেলোয়াড়রা।