পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে ব্যাপক ধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
আটক মাওলানা শাহিনুর ইসলাম (৪৫) টাঙ্গাইল জেলার গোপালপুর থানার মোজাম্মেল হোসেনের ছেলে। শিশুটির পরিবার ওই মসজিদ সংলগ্ন এলাকার একটি বাসায় ভাড়া থাকে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদি হয়ে থানায় মামলা করেছেন বলে জানান ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০শে জুন, শনিবার দুপুর আড়াইটার দিকে ত্রিশালের একটি গ্রামের মসজিদে ধর্ষণের এ ঘটনা ঘটেছে।
মামলার বরাতে পুলিশ জানায়, গত তিন মাস ধরে মসজিদে মাওলানা শাহিনুরের কাছে পড়তে যাচ্ছে মেয়েটি। শনিবার পড়া শেষ হওয়ার নির্ধারিত সময়েও ছুটি না হওয়ায় শিশুটির মা মেয়েকে আনতে মসজিদে যান। সেখানে গিয়ে তিনি ইমামকে নগ্ন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন।
এতে স্থানীয়রা এসে ইমামকে মারধর করে জুতার মালা পরিয়ে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে থানা হেফাজতে নিয়ে যায়।
ভুক্তভোগী শিশুটির মা বলেন, “ছুটির সময় পার হলেও মেয়ে বাসায় না ফেরায় আনতে গিয়ে মসজিদের ভেতরে ইমামের থাকার জায়গায় তাকে আপত্তিকর অবস্থায় দেখতে পাই। বিষয়টি দেখে সবাইকে ডাকাডাকি করলে তারা এসে ইমামকে আটক করে। আমার নিষ্পাপ মেয়ের সাথে যে হুজুর এই কাজ করেছে আমি তার ফাঁসি চাই।”
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ বলেন, “খবর পেয়ে ইমামকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে।”
তিনি আরও জানান, ভুক্তভোগী শিশুটিকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ সার্ভিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।