পে স্কেল: আজকের বৈঠকে আসতে পারে বড় সিদ্ধান্ত

প্রকাশিতঃ জুন ২৪, ২০২৬ | ৬:০৪ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

নবম জাতীয় পে স্কেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করতে আজ বৈঠকে বসছে পে-স্কেল সংক্রান্ত সচিব কমিটি। কারিগরি ও আইনি বিষয়ে সিদ্ধান্ত নিতে পে স্কেল কমিটি বুধবার (২৪ জুন) এ বৈঠক ডেকেছে। বেতন বৃদ্ধি, গেজেট প্রকাশ, পে স্কেল বাস্তবায়নের ধাপ নির্ধারণ, ভাতা বৃদ্ধি, বেতন বৈষম্য নিরসন এবং কারিগরি ও আইনি জটিলতা দূরীকরণসহ নানা বিষয়ে এ বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। মঙ্গলবার (২৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নবম পে স্কেল বাস্তবায়নে সচিব কমিটির প্রাথমিক পরিকল্পনা ছিল তিন ধাপে বেতন কাঠামো কার্যকর করা। তবে কর্মকর্তা-কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে এটি দুই ধাপে বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা হবে। প্রস্তাব অনুযায়ী, যদি দুই ধাপে পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন (বেসিক) শতভাগ বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে বিভিন্ন ভাতার পরিমাণ কতটা বাড়ানো হবে, সে বিষয়েও আলোচনা হবে। এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, বুধবার সচিব কমিটির নির্ধারিত সভা রয়েছে। ওই সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি এ বিষয়টিও আলোচনায় আসতে পারে। সচিবালয়ে অনুষ্ঠেয় বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন পুনর্গঠিত সচিব কমিটির সব সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।