আত্রাই নদী থেকে এক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশিতঃ জুন ২৭, ২০২৬ | ৯:৩৪ অপরাহ্ণ
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ

নওগাঁর আত্রাইয়ে আত্রাই নদী থেকে আলীমুদ্দীন (৮৫) নামে এক মানসিক অবিবাহিত প্রতিবন্ধী বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ। গতকাল শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রাম সংলগ্ন নদীর ধার থেকে লাশটি উদ্ধার করা হয়। ​নিহত আলীমুদ্দীন পার্শ্ববর্তী মান্দা উপজেলার শিবনগর ঘোষ পাড়া গ্রামের মৃত দুখুর মিঞার ছেলে। তিনি অবিবাহিত এবং মানসিকভাবে প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বান্দাইখাড়া গ্রামের বাসিন্দা শবদুলের বাড়ির পাশে আত্রাই নদীর ধার দিয়ে আলী নামের এক যুবক হেঁটে যাচ্ছিলেন। এ সময় তিনি নদীতে একটি লাশ ভাসতে দেখে জানাজানি করেন। মুহূর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা নদী পাড়ে ভিড় জমায়। পরে বিষয়টি আত্রাই থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে আত্রাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে তার পরিচয় শনাক্ত করা হয়। ​আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাহবুব আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় পাওয়া গেছে, তিনি মান্দা উপজেলার বাসিন্দা। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলমান।