সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

প্রকাশিতঃ জুলাই ৭, ২০২৬ | ৫:০৪ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএস১ পরীক্ষা করা হচ্ছে বিনামূল্যে। ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা চলবে বলে ঘোষণা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে নির্দেশনাটির বাস্তবায়ন শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক মইনুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (৫ জুলাই) থেকে সরকারি হাসপাতালে এনএস১ পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। শনিবার স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, ‘অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএস১ পরীক্ষা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করার সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’ প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে বিনামূল্যে পরীক্ষার সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ সিদ্ধান্তের ফলে ডেঙ্গু উপসর্গ নিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা কোনো ফি ছাড়াই এনএস১ পরীক্ষা করাতে পারবেন। এতে দ্রুত রোগ শনাক্তকরণ সহজ হবে। সময়মতো চিকিৎসা নিশ্চিত করাও সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় রোগ নির্ণয় সহজ ও দ্রুত করার লক্ষ্যে সরকার এ উদ্যোগ নিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জ্বরের শুরুতেই এনএস১ পরীক্ষা করা গেলে ডেঙ্গু শনাক্তে তা কার্যকর ভূমিকা রাখে। এর ফলে রোগীর চিকিৎসা দ্রুত শুরু করা সহজ হয়।