গাজীপুরের একটি পোশাক কারখানার অন্তত ৭০ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। আজ মঙ্গলবার সকালে জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার সকল শ্রমিকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে।
অসুস্থ শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের ধারণা শ্রমিকেরা ‘প্যানিক অ্যাটাক’-এ আক্রান্ত হয়েছেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, প্যানিক অ্যাটাক হলো কোনো কারণ ছাড়াই হঠাৎ তীব্র ভয় ও আতঙ্কের অনুভূতি, যার সাথে শরীর কাঁপতে থাকা, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা এবং মৃত্যুর মতো ভয় যুক্ত থাকে। সাধারণত কয়েক মিনিটের মধ্যে এই লক্ষণগুলো চরম আকার ধারণ করে।
শ্রমিকদের দাবি, একটি ফ্লোরে হঠাৎই একে একে শ্রমিকেরা বমি, মাথা ঘোরা ও শারীরিক অসুস্থতা অনুভব করতে শুরু করেন। অনেকেই মেঝেতে পড়ে যান। ঘটনার পর কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আলেয়া আক্তার নামে এক শ্রমিক জানান, কিছুদিন আগে একই ফ্লোরে লিজা বেগম নামে এক শ্রমিক মারা যান। এবারও ওই ফ্লোরে অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।
অসুস্থ শ্রমিকদের মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। আল-হেরা হাসপাতালের ব্যবস্থাপক মুসা কলিমুল্লাহ জানান, ৩৫-৪০ জন শ্রমিককে এই হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অনেকেই বাসায় চলে গেছেন। তবে আরও অসুস্থ শ্রমিক আসছেন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবুল হোসাইন বলেন, অসুস্থ শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বেশির ভাগ শ্রমিকের বমি ও মাথা ঘোরার উপসর্গ রয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইঞা বলেন, ঘটনার পরপরই অসুস্থ শ্রমিকদের দেখতে হাসপাতালে যাই। অসুস্থ শ্রমিকদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
কারখানাটি একদিনের জন্য ছুটি ঘোষণা করার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।