দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিতঃ জুলাই ১০, ২০২৬ | ৩:৪৬ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। আজ শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  অধিদপ্তরের পরিচালকের পক্ষে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক। বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর (পুনঃ ৩ নম্বর) স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ আকারে মধ্য উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে আরও দুর্বল হয়ে যেতে পারে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সাগর উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতার কারণে উত্তর চট্টগ্রামের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। সেখানে যোগাযোগ, চিকিৎসা, শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে থমকে গেছে বলে জানা গেছে।