ফেসবুক ও ইনস্টাগ্রামের এমন কিছু ডিজাইন পরিবর্তনের নির্দেশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যেগুলো ব্যবহারকারীদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখে বলে অভিযোগ রয়েছে। নির্দেশনা না মানলে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে ইইউ।
শুক্রবার (১০ জুলাই) ইউরোপীয় কমিশন এ বিষয়ে মেটাকে আনুষ্ঠানিক নির্দেশনা দেয়।
ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, ইইউর অভিযোগ, বিশেষ করে শিশু ও ঝুঁকিপূর্ণ প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে মেটা। কমিশনের মতে, ফেসবুক ও ইনস্টাগ্রামের কিছু নকশা ব্যবহারকারীদের বেশি সময় অনলাইনে রাখতে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্ল্যাটফর্ম দুটিতে থাকা ইনফিনিট স্ক্রল (অবিরাম স্ক্রলিং), অত্যন্ত ব্যক্তিকেন্দ্রিক নিউজ ফিড এবং অটোপ্লে ভিডিও–এর মতো ফিচার ব্যবহারকারীদের মধ্যে অতিরিক্ত নির্ভরশীলতা বা আসক্তি তৈরি করতে পারে।
ইইউর প্রযুক্তিবিষয়ক প্রধান হেনা ভিরক্কুনেন এক বিবৃতিতে বলেন, “ইউরোপের মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষা করা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত।”
ইউরোপীয় কমিশনের প্রকাশিত প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, মেটার প্ল্যাটফর্মগুলো ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল কনটেন্টবিষয়ক বিধিমালা লঙ্ঘন করেছে বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। তাই ফেসবুক ও ইনস্টাগ্রামের নকশায় প্রয়োজনীয় পরিবর্তন আনার নির্দেশ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে অনলাইন ব্যবহারকারীদের, বিশেষ করে শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে ইউরোপীয় ইউনিয়ন। সেই ধারাবাহিকতায় মেটার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হলো।
মেটা এখন ইউরোপীয় কমিশনের প্রাথমিক মূল্যায়নের জবাব দেওয়ার সুযোগ পাবে। তবে অভিযোগ প্রমাণিত হলে প্রতিষ্ঠানটিকে উল্লেখযোগ্য অঙ্কের আর্থিক জরিমানাসহ আরও কঠোর নিয়ন্ত্রক ব্যবস্থার মুখোমুখি হতে হতে পারে।