শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধের পর জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নেওয়া আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে অভিযান শুরু করে। এ সময় শিক্ষার্থীদের লাঠিপেটার পাশাপাশি ধাওয়া দিতে দেখা যায়। পরে তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে সরে যান।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ-সংলগ্ন বটতলা গেট এলাকায় অবস্থান নেন পরীক্ষার্থীরা। এতে অ্যাভিনিউর উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আসাদগেট থেকে খামারবাড়ী এবং খামারবাড়ী থেকে আসাদগেটমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে অবস্থান নিয়েছে। এতে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
অবরোধ শুরুর প্রায় আধা ঘণ্টা পর পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার পাশাপাশি সড়কে দেওয়া ব্যারিকেডও অপসারণ করে।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে তার সঙ্গে জরুরি বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সন্ধ্যা ৭টা পর্যন্ত বৈঠক চলছিল বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া। তিনি বলেন, “এইচএসসি পরীক্ষা-সংক্রান্ত বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন শিক্ষামন্ত্রী। পরীক্ষা পেছানো, প্রশ্নে ভুল এবং এ–সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত নিয়ে আলোচনা হচ্ছে।”