আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও

প্রকাশিতঃ জুলাই ১৬, ২০২৬ | ৫:১৩ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালকে এবার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই সঙ্গে আইসিসির নবগঠিত একটি গুরুত্বপূর্ণ সাব-কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পেয়েছেন তিনি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে, আমিনুল ইসলামের নেতৃত্বে বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ তামিম ইকবালকে প্রধান করে অ্যাডহক কমিটি গঠন করেছিল। এরপর গত মাসে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের নির্বাচনে জিতে আগামী চার বছরের জন্য বিসিবির সভাপতি নির্বাচিত হন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এ মাসের শুরুতে স্কটল্যান্ডে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভাতেও অংশ নিয়েছিলেন তামিম। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কমিটির শীর্ষে তামিম সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি দুটি নতুন সাব-কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কমিটি’র প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবি সভাপতি তামিম ইকবালকে। এই কমিটিতে তামিমের সঙ্গে সদস্য হিসেবে থাকবেন: রুডি ভ্যান বুরেন (প্রতিনিধি, ক্রিকেট নামিবিয়া) দেবজিৎ সাইকিয়া (প্রতিনিধি, বিসিসিআই) রিচার্ড গুল্ড (প্রতিনিধি, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড) টড গ্রিনবার্গ (প্রতিনিধি, ক্রিকেট অস্ট্রেলিয়া) অন্যদিকে, আইসিসির দ্বিতীয় সাব-কমিটি ‘গভর্ন্যান্স রিভিউ কমিটি’র প্রধান করা হয়েছে বিসিসিআইয়ের দেবজিৎ সাইকিয়াকে। এই কমিটিতে তাঁর সঙ্গে থাকছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মোহাম্মদ মোসাজে এবং আইসিসির স্বতন্ত্র পরিচালক ড. রস রিবাজ। আইসিসি সভার অন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ ওয়েস্ট ইন্ডিজকে ঋণ: দীর্ঘদিনের আর্থিক সংকট কাটিয়ে উঠতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে ১২.৮২ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। নতুন সদস্য: মরিশাসকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ১১১তম সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কানাডা ও শ্রীলঙ্কা প্রসঙ্গ: ক্রিকেট কানাডার ওপর থাকা নিষেধাজ্ঞা বহাল রেখেছে আইসিসি। অন্যদিকে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড গঠনতন্ত্র সংশোধনের কাজ শুরু করলেও সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত আইসিসির কোনো সভায় অংশ নিতে পারবেন না দেশটির প্রতিনিধিরা।