‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ স্লোগান সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই ২০২৬) শহরের শহীদ সাটু কমপ্লেক্স অডিটোরিয়ামে সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সনাকের সভাপতি মো. সাইফুল রেজা, সহ-সভাপতি উম্মে সালমা হ্যাপি, সহ-সভাপতি মো. আশরাফুল আম্বিয়া সাগর, টিআইবির কো-অর্ডিনেটর মো. আতিকুর রহমান এবং ক্লাস্টার কো-অর্ডিনেটর কমল কৃষ্ণ সাহাসহ সনাক, ইয়েস (YES) ও এসিজি (ACG)-এর সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে নাগরিক সচেতনতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অতীতে পরিচালিত দুর্নীতিবিরোধী কার্যক্রমের অভিজ্ঞতা, বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
আলোচকরা বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই নয়, বরং নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এ ধরনের অভিজ্ঞতা বিনিময় সভা স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করতে সহায়ক ভূমিকা রাখবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেছেন।