চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সকদী এলাকায় ডাকাতিয়া নদীতে পড়ে আয়েশা জাহান (১০) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে পশ্চিম সকদী এলাকায় আফজাল খানের ব্রিক ফিল্ড সংলগ্ন ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা জাহান পশ্চিম সকদী গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে। সে পশ্চিম সকদী মেধা বিকাশ স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। জানা যায়, প্রতিদিনের মতো সকালে সে স্কুলে যায়। পরে কীভাবে ডাকাতিয়া নদীতে পড়ে যায়, সে বিষয়ে পরিবারের সদস্যরা বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় শিশুটির অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।