জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক চাঁদপুরের ওয়াপদা গেইট এলাকা ও প্রেস ক্লাব রোড এলাকায় অভিযান পরিচালিত হয়।
বুধবার (২৯ জুলাই\"২৬\"খ্রিঃ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ব্যতীত আনুমানিক ১,০০০-১২০০ পিচ এলপিজি সিলিন্ডার গ্যাস সংরক্ষণ ও বিক্রয় করা, মূল্য তালিকা না থাকা এবং যে ঠিকানা ব্যবহার করে ব্যবসায়িক লাইসেন্স গ্রহণ করা হয়েছে সেখানে ব্যবসা পরিচালনা না করে ভিন্ন স্থানে ব্যবসা পরিচালনা করার অপরাধে মেসার্স অয়ন এন্টারপ্রাইজ কে ৫০,০০০( পঞ্চাশহাজার) টাকা এবং মিষ্টির শিরার মধ্যে তেলাপোকার বিষ্টা পাওয়া, সিগারেটের সাথে খাবার দ্রব্য সংরক্ষণ, প্লাস্টিকের ড্রামে গরম শিরা সংরক্ষণ ও অসাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য সংরক্ষণ করার অপরাধে ওয়ান মিনিট কে ১০,০০০(দশ হাজার) টাকাসহ মোট ৬০,০০০ (ষাট হাজার )টাকা জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। এছাড়াও অভিযানের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।