স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া) জামিন পেয়েছেন। এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। এর ফলে এ মামলায় কারাগার থেকে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই, যদি অন্য কোনো মামলায় তিনি আটক না থাকেন।
এর আগে গত ৬ জুলাই ঢাকার মহানগর দায়রা জজ আদালত যাহের আলভীর জামিন আবেদন নাকচ করেন। তারও আগে ১৮ জুন আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ মামলার অপর আসামি ও যাহের আলভীর মা নাসরিন সুলতানা গত ৪ জুন আত্মসমর্পণ করে জামিন পান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবী ডিওএইচএসের একটি বাসা থেকে আফরা ইবনাত ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত জব্দ করে।
ঘটনার দিন রাতে ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে তার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এজাহার অনুযায়ী, যাহের আলভী ও আফরা ইবনাত ইকরার বিয়ে হয় ২০১০ সালে।