সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার একই পরিবারের দুইজন সহ মোট
১৩ জনের মৃত্যু র খবর নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহতদের অধিকাংশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।সোমবার (১০ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় আনুমানিক বিকেল সাড়ে ২ টার দিকে সৌদি আরবের রিয়াদ শহরে সানাইয়া শিল্পনগরীতে ওই সোফা কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। এতে কারখানাটিতে কর্মরত আত্রাইয়ের বেশ কয়েকজন প্রবাসী দগ্ধ হয়ে মারা যান।
নিহতদের মধ্যে উপজেলার উদনপৈ গ্রামের ফরিদ শেখ,ডুবাই গ্রামের শুভ ও সুমন, গন্ডগোহালী গ্রামের রুবেল, কলিমদ্দিন, মোহন, সুমন, বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ গ্রামের শাহিন, খরসোতি গ্রামের আব্দুল জলিল ও মজিদুল, সাদনগড় গ্রামের সাগর,মিনহাজ নামের একজন রয়েছেন বলে জানা গেছে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে যারা মারা গেছেন, তারা জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়ে ওই সোফা কারখানায় কর্মরত ছিলেন। অনেক পরিবারের স্বজনদের পরিচয় নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছেন।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর থেকেই আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় মাতম শুরু হয়েছে। স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক ও উৎকণ্ঠা। অনেকেই প্রিয়জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতের সংখ্যা নিয়ে ১৫, ১৭ ও ১৯ জনের মতো বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়লেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।