ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি কোম্পানির মুরগির বিষ্ঠার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মারামারির মামলায় তিন জামায়াতে ইসলামীর নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিল আদালত।
কারাগারে যাওয়া তিন জামায়াত নেতা হলেন- উপজেলা জামায়াতের আমির ফজলুল হক শামীম, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ।
গতকাল ৯ই আগস্ট, রোববার ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার ধার্য তারিখে হাজিরা দিতে গেলে আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত।
আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান তিন জনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার ধার্য তারিখে হাজিরা দিতে আসেন তিনজন। তারা জামিন আবেদন করেন। বিচারক আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
পড়ুন: মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: জামায়াত কর্মীদের ককটেল-গুলিযোগে হামলা, ব্যাংক লুট ও ভাঙচুর
মামলা সূত্রে জানা যায়, কাহালগাঁও এলাকায় মুরগির বিষ্ঠাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মামলাটি করা হয়।
এই মামলায় ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলনের ভাইসহ আরো কয়েকজনকে আসামি করা হয়।
জানা যায়, উপজেলার কাহালগাঁও বাজারের পাশে দীর্ঘদিন ধরে একটি কোম্পানিতে লেয়ার মুরগি লালন-পালন করা হচ্ছে। সেখানকার মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে চলতি বছরের ৭ই এপ্রিল রাতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
হামলার সময় হাতবোমা বিস্ফোরণ, ব্যাংকের তালা ভেঙে টাকা লুট, প্রাইভেট কার, মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরও করা হয় অভিযোগ রয়েছে।
পরদিন ৮ই এপ্রিল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে মামলা জামায়াতে ইসলামী ও গুপ্ত সংগঠন শিবিরের ৪৮ জনের নাম দিয়ে এবং অজ্ঞাতপরিচয় আরো ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন।