ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি

প্রকাশিতঃ আগস্ট ১৬, ২০২৬ | ৫:২১ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে অর্থনীতি বিভাগের এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খোঁজ নিয়ে জানা যায়, ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের এক শিক্ষার্থী নবীনবরণ অনুষ্ঠানের দিন অর্থনীতি বিভাগের ১৫তম ব্যাচের এক নারী শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেন। ওই নারী শিক্ষার্থী প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাকে আটকে রাখার অভিযোগ ওঠে। বিষয়টি অর্থনীতি বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা তাদের সিনিয়রদের জানালে তারা ঘটনাস্থলে আসেন। এ সময় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ইংরেজি বিভাগের ওই শিক্ষার্থীকে মারধর করা হয়। এতে তার মুখ দিয়ে রক্ত পড়তে দেখা যায়। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং ইংরেজি ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। অর্থনীতি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল আজিজ বলেন, ‘আমাদের বিভাগের এক জুনিয়র ছাত্রীকে র‍্যাগিংয়ের কায়দায় উত্ত্যক্ত করে প্রেমের প্রস্তাব দেন ইংরেজি বিভাগের মুসা। ওই ছাত্রী রাজি না হওয়ায় তাকে আটকে রাখেন মুসা। বিষয়টি জানতে পেরে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীরা ভিসি গেটের বিপরীতে জড়ো হন।’ তিনি আরও বলেন, ‘একপর্যায়ে ইংরেজি বিভাগের ১৩তম ব্যাচের এক শিক্ষার্থী আকস্মিকভাবে হাত চালালে হাতাহাতির সূত্রপাত হয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।’ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টরা বিষয়টি দেখছেন বলে জানা গেছে।